আশুলিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ৩
ঢাকার আশুলিয়ার গ্যাস সঞ্চালন লাইনে আগুন লেগে তিনজন পোশাক শ্রমিক দগ্ধ হয়েছেন।
আশুলিয়া থানার এসআই মো. একরামুল হক জানান, সোমবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে দোসাইদ এলাকার এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন স্থানীয় সাঙ্গু টেক্সটাইল লিমিটেড কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর মো. আনারুল, ফিনিসিং আয়রনম্যান আপন ও কাটিং ইন্সপেক্টর মো. কামাল।
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এসআই একরামুল বলেন, রাতে সাঙ্গু টেক্সটাইলের তিন শ্রমিক দোসাইদ বাজারের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। তাদের একজনের ছুড়ে ফেলা সিগারেটের আগুন তিতাস গ্যাসের সঞ্চালন পাইপে পড়ে। এ সময় লিকেজ থেকে আগুন ধরে গেলে তারা দগ্ধ হন।
সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান একরামুল।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক কার্য্যালয়ের প্রকৌশলী হাবিবুর রহমান জানান, “গ্যাস লাইনে বিস্ফোরণের পর আমরা লিকেজ সারিয়েছি, এখন কোনো দুর্ঘটনার আশঙ্কা নাই।”
