যৌন হয়রানির ভিডিও: ‘পীরকে’ কারাদণ্ড
কুমিল্লার মেঘনা উপজেলায় যৌন হয়রানির অপরাধে এক ‘পীরকে’ কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৈদ্যনাথপুর গ্রামের ‘পীর’ বলে পরিচিত চিরকুমার আবদুস সাত্তারকে (৯০) মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনূর আক্তার সুমি ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
মেঘনা থানার ওসি কামরুজ্জামান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “পীরালির আড়ালে আবদুস সাত্তার দীর্ঘদিন ধরেই নারীদের যৌন হয়রানি করে আসছেন।
“রোববার রাতে এলাকাবাসী একটি ভিডিও ক্লিপসহ থানায় অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাকে ছয় মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা না দিলে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে।”
স্থানীয়রা সাত্তারকে ‘ভণ্ড পীর’ দাবি করে বলেছে, সাত্তার যুগ যুগ ধরে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে তার হীন উদ্দেশ্য কায়েম করে আসছেন।
তাকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপজেলা সদরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।
ইউএনও শাহীনূর বলেন, “ওই ভণ্ড পীরের নামে নারীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে, যা অবশেষে ভিডিও ক্লিপে প্রমাণিত হয়।”
