২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষকের নামে শিশু ধর্ষণের অভিযোগ

যশোরের শার্শা উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের নামে ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 12:17 AM

Updated : 20 Aug 2022, 12:25 PM

সোমবার রাতে এ ঘটনায় খাদিজাতুল কোবরা মহিলা হাফিজিয়াখানার শিক্ষক আলতাফ হোসেনের (৪২) নামে মামলা হয়েছে বলে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরীফ হাবিবুর রহমান জানান।

গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলতাফ হোসেন ও তার স্ত্রী নিজ বাড়িতে ছোট কয়েকটি ঘর তৈরি করে হাফিজিয়াখানা নামে মাদ্রাসা বানিয়ে সেখানে ছাত্রীদের রেখে কোরআন শিক্ষা দিতেন।

“গত দুই মাস ধরে সে ওই ছাত্রীকে হাফিজিয়াখানার পাশে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে আসছিল। সোমবার ধর্ষণের পর ওই ছাত্রী বাধ্য হয়ে অন্যদের ঘটনাটি জানায়।”

পরে ছাত্রীর বাবা ইউনিয়ন পরিষদে গিয়ে বিচার চান বলে চেয়ারম্যান জানান।

শার্শা থানার ওসি মনিরুজ্জামান বলেন, ওই ছাত্রীকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।

অপরদিকে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।