২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র (বিশেষ রচনা)

ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মাহফুজুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 11:18 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

বৈচিত্র্যময় উদ্ভিদ, নানা প্রজাতির পশুপাখিসহ প্রকৃতির এই বুনো পরিবেশ মানুষকে করে মোহিত। পর্যটকদের তাই বার বার টেনে আনে এখানে। সাগর, বন, বিশালাকার নদী আর আকাশ মিলেমিশে একাকার হয়ে আছে এখানে। 

রহস্য, রোমাঞ্চ আর ভয়ঙ্কর এই সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র।

মূলত এটি ছিল এক টহলফাঁড়ি। কিন্তু এখন টহলফাঁড়ি পরিচয় ছাপিয়ে এর নতুন পরিচয় হয়েছে দেশের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র হিসেবে।

এখানেই পার্শ্ববর্তী এলাকায় বাস করেন এক অশীতিপর বৃদ্ধা। নাম তার রোকেয়া বেগম। বন্যপ্রাণীর প্রতি তার মমতা অসীম। এলাকার লোকজন বা কিশোররা যখন বানর বা কুমিরছানাকে মেরে মজা করত তখন তিনি সেখানে থাকলে ওই প্রাণীকে উদ্ধার করে নিয়ে আসতেন। এমন অনেক ঘটনা ঘটিয়েছেন তিনি।

১৯৯৭ সালের কোনো একদিন এমনই এক মৃতপ্রায় কুমিরছানা নিয়ে তিনি হাজির হন করমজল টহলফাঁড়িতে। সেখানকার লোকজনকে অনুরোধ করেন কুমিরটির শুশ্রুষাসহ বাঁচিয়ে তুলতে। টহলফাঁড়ির প্রবেশমুখে ছিল ছোট এক পুকুর। কুমিরটিকে সেখানে ছেড়ে দিয়ে সেবা-শুশ্রুষা করে বাঁচিয়ে তোলা হয়। এরপরও অনেক কুমিরছানা উদ্ধার করে এখানে এনেছেন তিনি। এ কারণে এলাকায় তার পরিচিতি ‘কুমির বুড়ি’ হিসেবে। 

করমজল টহলফাঁড়ি হিসেবে প্রতিষ্ঠা পায় ১৯৮৮ সালে। এরপর ১৯৯৫ এ বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের প্রাথমিক কাজ শুরু হয়। শুরু হয় বিভিন্ন অবকাঠামো নির্মাণ। ২০০২ সালে Sundarban Management Support (SMS) প্রকল্পের আওতায় এ কেন্দ্রের বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়। কুমির প্রজনন শুরু হয় ২০০৫ এ। ১৯৯৭ এ কুমির বুড়ির কাছ থেকে পাওয়া স্ত্রী কুমিরটির আদুরে নাম দেওয়া হয় জুলিয়েট। এর সাথে একজন ‘রোমিওর’ দরকার। তাই ২০০৫ এ সংগ্রহ করা হয় আরেকটি পুরুষ কুমির। নাম দেওয়া হয় রোমিও।

এরপর জুলিয়েট ১৯টি ডিম দেয়, যার মধ্যে ১৬টি ডিম থেকে বাচ্চা হয়। ইতোপূর্বে সুন্দরবনে জেলেদের কাছ থেকে সংগ্রহ করা হয় পিলপিল নামে আর একটি স্ত্রী কুমির। প্রজনন কেন্দ্রে লালনপালনের পরে বয়ঃপ্রাপ্ত হলে পিলপিলকেও জুলিয়েটের সাথে রাখা হয় একই পুকুরে। ২০১১ সালে পিলপিল ডিম দেওয়া শুরু করে। সে বছরই ৪০টি ডিমের মধ্যে ৩৩টি বাচ্চা হয়।

এর আগে রোমিও-জুলিয়েট জুটি ২০১০ সাল পর্যন্ত ২২২টি ডিম দেয়, যা থেকে ১৫৫টি বাচ্চার জন্ম হয়। পিলপিল ডিম দেওয়া শুরু করলে দ্রুত বাচ্চাসংখ্যা বৃদ্ধি পায়। ২০১৫ সাল পর্যন্ত দুটি স্ত্রী কুমির ৫৫১টি ডিম দেয়, যা থেকে ৩৭৪টি বাচ্চার জন্ম হয়। ২০০৯ এর প্রলয়ংকরী আইলাতে ৬১টি কুমির বেরিয়ে যায়। ২০১৫ এ প্রতিকূল আবহাওয়ায় ১৯টি কুমির মারা যায় এবং ৮টি বেরিয়ে যায়। ১৬টি কুমির বিভিন্ন নদীতে অবমুক্ত করা হয়। এছাড়াও পুটয়াখালী বন বিভাগের টেংরাগিরি কুমির লালনপালন কেন্দ্রের কাছে ৩টি কুমির পাঠানো হয়েছে। বর্তমানে কেন্দ্রে ২৬৭টি বিভিন্ন আকার ও বয়সের কুমির রয়েছে।

করমজলের অবস্থান খুলনা শহর থেকে ৬০ কিলোমিটার এবং মংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে পশুর নদীর তীরে। ৩০ হেক্টর জায়গা জুড়ে কেন্দ্রটির বিস্তৃতি। এটি সুন্দরবন পূর্ব বন বিভাগের অন্তর্গত চাঁদপাই রেঞ্জে অবস্থিত। এর সাথে রয়েছে ঢাংমারী ডলফিন অভয়াশ্রম। করমজলকে খুলনা-মংলার দিক দিয়ে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়।

এ কেন্দ্রের মূল আকর্ষণ লোনাপানির কুমির (Corcodyle porosus) এর কৃত্রিম প্রজনন। ক্রমবিলীয়মান এ প্রজাতির কুমির সংরক্ষণে করমজল প্রজনন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের বিভিন্ন সাফারি পার্ক ও চিড়িয়াখানায় এ প্রজনন কেন্দ্র থেকে কুমির সরবরাহের পাশাপাশি প্রাকৃতিক উন্মুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়। এ ছাড়া চিত্রল হরিণ লালনপালনের জন্যও এখানে একটি খামার রয়েছে।

পর্যটকদের জন্য করমজল একটি অপরূপ ভ্রমণ স্থান। পর্যটকদের ঘুরে দেখার জন্য এখানে রয়েছে ১ দশমিক ৪২ কিলোমিটার কাঠের ব্রিজ ওয়াকওয়ে, যার নাম মাঙ্কি ট্রেইল। নামেই সার্থকতা। ট্রেইলে পা ফেলার সাথে সাথেই পুরো ট্রেইলজুড়ে প্রচুর সংখ্যায় দেখা মিলবে সুন্দরবনের রেসাস বানরের। এ ছাড়াও আছে ২টি পর্যবেক্ষণ টাওয়ার, ডলফিন যাদুঘর, ৬টি গোলাকার বিশ্রামঘর, বাঘের কঙ্কাল, কংক্রিটের তৈরি সুন্দরবনের মানচিত্র, একটি বিশ্রামাগার, ঘাটবাঁধানো বৃহদাকার একটি পুকুরসহ মোট তিনটি পুকুর। আছে প্রচুর নারকেল গাছ। দৃষ্টিনন্দন আবাসিক বাংলো, লাউয়ের মাচা, সবজি খেত। নীলাকাশ আর বনানীর সান্নিধ্য উদাস করে পর্যটককে।

সম্প্রতি International Union for Conservation of Nature (IUCN) এর সহযোগিতায় বাটাগুর কচ্ছপের (Batagur baska) একটি কৃত্রিম প্রজনন কেন্দ্র গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে।

সুন্দরবনের বিপুল প্রাণিবৈচিত্র্যের মধ্যে আছে বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার, অসংখ্য চিত্রল হরিণ ও বানর, বন্যশূকর, প্রায় ২৬০ রকমের পাখি, ১২০ প্রজাতির মাছ ও সরীসৃপ এবং বিভিন্ন রকমের পোকামাকড়। সব মিলিয়ে করমজল একটি ইকো ট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

করমজল কেন্দ্রে সর্বাধিক সংখ্যক পর্যটক সুন্দরবন ভ্রমণে আসেন। এ ছাড়া আসেন গবেষক ও ছাত্র-ছাত্রী। অক্টোবরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রমণের জন্য সবচেয়ে সুবিধাজনক সময়।

যাওয়ার জন্য সহজ পথ মংলা থেকে ইঞ্জিন নৌকা। ঘণ্টা দেড়েক সময় লাগে। দেখে দিনেদিনেই খুলনা বা বাগেরহাটে ফিরে আসা যায়। পর্যটকদের জন্য বাগেরহাটেও রয়েছে অনেক দর্শনীয় স্থান। ইউনেসকোর হেরিটেজ তালিকাভুক্ত ষাটগম্বুজ মসজিদ, ঘোড়াদিঘি, খানজাহান আলীর মাজার ও দিঘি ছাড়াও খানজাহান আলীর অসংখ্য স্থাপনা ছড়িয়ে আছে বাগেরহাটের আশপাশে। পর্যটকরা এ সুবিধা গ্রহণ করতে পারেন। এছাড়া রয়েছে বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান আয়োজিত গাইডেড ট্যুর এর ব্যবস্থা।

পর্যটনকেন্দ্র হিসেবে পথচলা শুরুর পর ২০০০ সালের জুলাই মাস থেকে এখানে পর্যটকদের কাছ থেকে রাজস্ব আদায় শুরু হয়। জানুয়ারি ২০০২ থেকে এখানে নিয়মিতভাবে দেশি পর্যটক ৫ (পাঁচ) টাকা এবং বিদেশি পর্যটকের কাছ থেকে ৫০ (পঞ্চাশ) টাকা হারে রাজস্ব আদায় করা হয়। বর্তমানে এ হার যথাক্রমে ২০ (বিশ) ও ৩০০ (তিনশত) টাকা। অপ্রাপ্ত বয়স্কদের জন্য ১০ টাকা।

সব মিলিয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রটি পর্যটকদের জন্য এক আকর্ষণীয় সুন্দরবন ভ্রমণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অবকাঠামোগত সুযোগ-সুবিধা বিশেষ করে নিয়মিত যাতায়াতের ব্যবস্থা করা গেলে বিপুলসংখ্যক পর্যটক এ কেন্দ্রটি পরিদর্শন করতে আসবেন এটা নিশ্চিতভাবে বলা যায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কেন্দ্রের কর্মকা- আরও সুসংগঠিত করা প্রয়োজন।

 

লেখক: তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ উপপ্রধান তথ্য অফিসার (প্রেস)