Published : 10 Apr 2016, 07:19 PM
হত্যাকাণ্ডের ২৪ বছরে রোববার পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন এসব আয়োজন করে।
পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৮টায় পুজগাঙ উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে স্কুলের ছাত্র-ছাত্রীরাও অংশ নেন।
এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক আশা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি রতন স্মৃতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক পলাশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সভাপতি রুপায়ন চাকমা প্রমুখ।
সমাবেশে রতন স্মৃতি চাকমা বলেন, লোগাং হত্যাকাণ্ডের ২৪ বছরেও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ঘটনায় জড়িতদের বিচার হয়নি, যা খুবই উদ্বেগজনক।
“এই বিচারহীনতার সংস্কৃতির কারণে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত ডজনের অধিক গণহত্যায় জড়িতরা পার পেয়ে প্রতিনিয়ত পাহাড়িদের উপর হামলা, খুন, গুম, ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার মতো ঘটনা সংঘটিত করছে।”
১৯৯২ সালের ১০ এপ্রিল পানছড়ি উপজেলার লোগাংয়ে পাহাড়ি বসতিতে হামলা চালানো হয়, যার জন্য পাহাড়ে বসবাসরত বাঙালিদের দায়ী করা হয়। ওইদিন কয়েকশত পাহাড়ি হতাহত হয়, অনেকে গুম হয় এবং সাত শতাধিক ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়।