বরিশালে এইচএসসি পরীক্ষার্থীকে হত্যা, হামলা-ভাংচুর
বরিশালে প্রতিপক্ষের হামলায় আহত এক কলেজছাত্রের মৃত্যুর পর সড়ক অবরোধ এবং ব্যবসা প্রতিষ্ঠা ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান বরিশাল বিমানবন্দর থানার সহকারী কমিশনার আজাদ রহমান।
নিহত আমিনুল ইসলাম রমজান (২০) সদর উপজেলার চরবাড়িয়া উলাল বাটনা এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। শহীদ আব্দুর বর সেরনিয়াবাত কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি।
এ খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা হামলাকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাংচুর চালায়।
এ ঘটনায় এ ঘটনায় সাব্বির হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা আজাদ রহমান বলেন, শনিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে লাকুটিয়া এলাকায় ঘুরতে যায় রমজান। এসময় স্থানীয় সাব্বির, ইমরান, সবুজ, রিপনসহ কয়েকজন তাকে পিটিয়ে আহত করে।
“পরে তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয় চিকিৎসকরা।”
তিনি আরও বলেন, রমজানের মৃত্যুর পর তার স্বজনরা লাকুটিয়া সড়ক অবরোধ করে হামলাকারীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের চেষ্টা করে। এক পর্যায়ে তারা পাশ্ববর্তী মেঘিয়া গ্রামে প্রতিপক্ষের বসতবাড়িতে ভাংচুর করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
