গাজীপুরে কারখানা কর্মকর্তার লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরে এক কারখানা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার টান কালিয়াকৈর এলাকার ‘সরকার নিট কম্পোজিট কারখানার’ একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান কালিয়াকৈর থানার এসআই মনিরুল ইসলাম।
নিহত মো. শফিকুল ইসলাম (৩৫) ওই কারখানার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরে। তিনি কারখানার ভেতরে একটি কক্ষে থাকতেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক মো. সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে বলে জানান এসআই।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই মনিরুল বলেন, সকালে কারখানার লোকদের কাছে খবর পেয়ে তার কক্ষ থেকে গলায় শার্ট পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
“শফিকুলের গলায় দাগ রয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”
