ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
সাতক্ষীরার তালা উপজেলায় ভাতিজার লাঠিপেটায় চাচা নিহত হয়েছেন।
নিহত আব্দুল সাদেক (৪৭) চৌগাছা গ্রামের শেখ মতিয়ার রহমানের ছেলে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান।
ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ভাতিজা শাহ আলম।
তিনি বলেন, শাহ আলমের সঙ্গে জমিজমা নিয়ে সাদেকের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দুপুরে শাহ আলম তার চাচাকে লাঠিপেটা করে। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে ভর্তি করায়।
এ ব্যাপারে এখনও মামলা হয়নি বলে জানান ওসি তরিকুল।
