২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে সাংবাদিকের উপর হামলা, পরিচালক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসুন্ধরা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যুর খবর সংগ্রহ করতে গেলে হাসপাতালের লোকজন তিন সাংবাদিকের হামলা করার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 01:05 AM

Updated : 20 Aug 2022, 12:25 PM

শনিবার সকালের এ ঘটনায় হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফাকে পুলিশ গ্রেপ্তার করে বলে কসবা থানার এসআই মো. সাইদুর রহমান জানান।

হামলায় আহত সাংবাদিকরা হলেন বিজয় টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জ্বল (৩৫), আমার দেশ পত্রিকার কসবা উপজেলা প্রতিনিধি মো. অলিউল্লাহ সরকার অতুল (৩০) এবং দৈনিক সরোদের কসবা প্রতিনিধি মো. রুবেল আহাম্মদ (৩৫)।

আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর খবর জানতে গেলে হাসপাতালের মালিক গোলাম মোস্তফার লোকজন তিন সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে একটি কক্ষে আটকে রাখে।

কালতা দিঘীরপাড় গ্রামের সেলিম মিয়া বলেন, তার স্ত্রী নিলুফা আক্তারকে (২৫) বৃহস্পতিবার বসুন্ধরা হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচারে নিলুফার একটি কন্যাসন্তান হলেও মারা যায়।

এরপর ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে তিন সাংবাদিক বসুন্ধরা হাসপাতালে যান।

এ সময় তারা ভুল চিকিৎসার অভিযোগ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের লোকজন উত্তেজিত হয়ে সাংবাদিকদের উপর চড়াও হয় এবং ক্যামেরা ছিনিয়ে নেয় বলে তিন সাংবাদিকের অভিযোগ।

খবর পেয়ে পুলিশ গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে, জানান এসআই সাইদুর।

এদিকে ঘটনার প্রতিবাদে দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কসবা উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে কসবায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক মোস্তফার স্ত্রী চিকিৎসক শিরিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর করেছে।

সাংবাদিকদের উপর হামলার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কোনো উত্তর দেননি।

এসআই সাইদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় আহত সাংবাদিক রুবেল আহাম্মদ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

“মামলার প্রধান আসামি বসুন্ধরা হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”