২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

গোপালগঞ্জ সদরে বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে তার এক সহপাঠী।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 11:44 AM

Updated : 12 Apr 2022, 01:48 AM

শনিবার সকালে উপজেলার ভেন্নাবাড়ি (বটতলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান।

নিহত মিলন মণ্ডল (১২) উত্তর ভেন্নাবাড়ি (বটতলা) গ্রামের বিধান মণ্ডলের ছেলে। ভেন্নাবাড়ি সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে।

আহত অনিত চৌধুরীকে (১২) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ওই এলাকার মিলন চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সকালে প্রাইভেট পড়ে মিলন ও অনিত বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী একটি বাস পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর চালকসহ বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।