শেরপুরে তুলাপট্টিতে আগুন
শেরপুর শহরের তেরাবাজারের তুলাপট্টির গুদামসহ লেপতোশকের চারটি দোকান ও চারটি বসতঘর পুড়ে গেছে।
শুক্রবার দুপুরে গোলাম মোস্তফার তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্র ও স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আশরাফের স্ত্রী জুলেখা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দোকান, বসতঘর, দুই লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, ব্যাংক ও জমির দলিলপত্রসহ সবকিছু পুড়ে গেছে। তার পরিবার এখন নিঃস্ব।
