২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রমেক হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মরিরতি

নিরাপত্তার দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) শিক্ষানবিশ চিকিৎসকরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 12:36 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কর্মবিরতি শুরু হয়েছে বলে ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি মাহমুদুর রহমান রিফাত জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডা. মিলন ছাত্রাবাসটি ইন্টার্নি চিকিৎসকদের জন্য। ছাত্রাবাসটির সীমানা প্রাচীর নেই। কোনো প্রহরীও নেই। বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্ন সময় ছাত্রাবাসে ঢুকে অস্ত্রের মুখে চিকিৎসকদের জিম্মি করে জিনিসপত্র লুট করে।

“রাতে হাসপাতাল থেকে দায়িত্ব পালন শেষে ছাত্রাবাসে ফেরার পথে চিকিৎসকরা ছিনতাইয়ের শিকার হন। ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ক্যাম্প, সীমানা প্রাচীর নির্মাণ, দিবা ও নৈশ প্রহরী নিয়োগের দাবি জানানোর পাশাপাশি একাধিকবার ধর্মঘট পালন করেও কোনো ফল হয়নি।”

বৃহস্পতিবার রাত ১০টায় হাসপাতালে দায়িত্বপালন শেষে ফেরার পথে ছাত্রাবাসের সামনে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চিকিৎসক সুমন আলীর ল্যাপটপসহ সর্বস্ব ছিনিয়ে নেওয়ার পর জরুরি সভা করে লাগাতার কর্মবিরতি শুরু করার সিদ্ধান্ত হয় বলে পরিষদের সভাপতি জানান।

পরবর্তী কর্মসূচি হিসেবে শনিবার বেলা ১১টায় হাসপাতাল চত্বরে মানববন্ধন ও পরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও তিনি জানান।

হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঢাকায় আছি। কর্মবিরতির বিষয়টি  ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি মোবাইল ফোনে জানিয়েছেন। আমি শনিবার রংপুরে ফিরব। ততক্ষণ পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত না নেওয়ার জন্য বলেছি। এর পরও তারা কর্মবিরতি শুরু করেছেন।

ইন্টার্নি চিকিৎসকদের দাবি যুক্তিসংগত বলে স্বীকার করে পরিচালক বলেন, “রোগীদের চিকিৎসাসেবা যাতে বিঘ্নিত না হয় সেজন্য হাসপাতালের চিকিসকদের পালা করে দায়িত্ব পালন করতে বলেছি।”

রংপুরে ফিরেই দিবা ও নৈশ প্রহরীর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, “হাসপাতালের অদূরেই পুলিশ ফাঁড়ি। পুলিশ হাসপাতাল চত্বরে  নিয়মিত টহল দেয়। এর পরও ক্যাম্পের অনুমতি চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। অনুমতি পেলেই ক্যাম্প স্থাপন করা হবে।”