নির্বাচনের সংঘর্ষে আ. লীগ নেতা নিহত
নড়াইলের কালিয়া উপজেলায় নির্বাচনের বিরোধে সংঘর্ষে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন; আহত হন অন্তত ১৫ জন।
শুক্রবার জয়নগর গ্রামের বাসিন্দা বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য বকুল হোসেন ও তৈয়েব আলী গ্রুপের এ সংঘর্ষে নিহত শহীদ আলী (৪০) ওই এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আধিপত্য ও নির্বাচনের বিরোধে ইউনিয়ন পরিষদের দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে শহীদ আলী আহত হন।
“বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
নিহত শহীদ আলী বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য বকুল হোসেনের ভাই এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন চৌধুরী পক্ষের সমর্থক।
