২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ম্যানেজার নিখোঁজ, পরিবার বলছে অপহরণ

কুমিল্লা শহরের একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কাজী এনামুল হক

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 07:04 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

তবে ওই কর্মকর্তার পরিবারের দাবি, শুক্রবার দুপুরে তাকে অপহরণ করে মুক্তিপণ চেয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।

এদিকে ব্যাংকটির কয়েকজন গ্রাহকের অভিযোগ, তাদের টাকা আত্মসাত করে মোশাররফ হোসেন নামের ওই কর্মকর্তা আত্মগোপন করেছেন।

নিখোঁজ মোশাররফ হোসেন যমুনা ব্যাংকের কুমিল্লা শহরের লাকসাম রোড শাখার ব্যবস্থাপক।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামসুজ্জামান জানান, এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ ও পরিবার দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে থানায়।

ব্যাংক কর্তৃপক্ষের জিডিতে তাকে নিখোঁজ বলে উল্লেখ করা হয়েছে। পরিবারের জিডিতে তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করা হয় বলে জানান তিনি।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মোশাররফের ভাই শাহাদাত হোসেন বলেন, তার ভাই মোশারফ হোসেনকে দুপুরে নগরীর কান্দিরপাড় থেকে কালো একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে কয়েকজন লোক।

“এর কিছুক্ষণ পর মোশাররফের মোবাইল ফোন থেকে পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণ চায় তারা,” বলেন শাহাদাত।

এই বিষয়ে কুমিল্লা কোতয়ালি থানায় জিডি করার কথা নিশ্চিত করেন তিনি।  

ব্যাংকটির কয়েকজন গ্রাহক হলেন কুমিল্লা শহরের কালিয়াজুরীর জসিম খান, শহরের চর্থা এলাকার আনোয়ারা বেগম, ঠাকুরপাড়ার নজরুল ইসলাম।

তারা তাদের ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাতের অভিযোগ তোলেন ব্যবস্থাপক মোশাররফের বিরুদ্ধে।

এ বিষয়ে তারা কুমিল্লা কোতোয়ালি থানায় মৌখিকভাবে অভিযোগ করেছেন।

জসিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মালিকানার মেসার্স খান ট্রেডার্স নামের হিসাব থেকে ৬ লাখ ৯ হাজার টাকা সরিয়ে নিয়েছেন ম্যানেজার।

আনোয়ারা বেগমের অভিযোগ, তার হিসাব থেকে ৬ এপ্রিল ৪ লাখ ৮০ হাজার টাকা অন্য হিসাবে সরিয়ে নেওয়া হয় এবং ব্যাংক ম্যানেজার সমস্যার কথা বলে তার কাছ থেকে তিনটি চেক নেন।

“ওই তিন চেকে ৪ এপ্রিল ৬ লাখ, ৫ এপ্রিল ৬ লাখ এবং ৬ এপ্রিল ৩ লাখ টাকা তুলে নেন ম্যানেজার।”

তার মোট ১৯ লাখ ৮০ হাজার টাকার হদিস নেই বলে দাবি করেন তিনি।

পরিদর্শক শামসুজ্জামান জানান, ঠাকুরপাড়ার নজরুল ইসলাম ‘প্রমাণসহ’ থানায় এসে জানিয়েছেন তার হিসাব থেকে ৯ লাখ ৬ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে।

যারা মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে বলে জানান তিনি।