নরসিংদীতে ট্রাকের ধাক্কায় নিহত ২ অটোযাত্রী
নরসিংদীর সদরে ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন; শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
উপজেলার খাটেহারা তাঁত প্রশিক্ষণ কেন্দ্রের সামনে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ওসি মোস্তাফা কামাল।
নিহতরা হলেন সুনীল দাস (৬০) ও দুলাল মিয়া (৩২)।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, ঢাকা সিলেট মহাসড়কের সাহেপ্রতাব থেকে নরসিংদীগামী একটি অটোরিকশাকে বিপরীতমুখী বালুভর্তি একটি ট্রাক চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
“আহত সাত জনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুনীল ও দুলালের মৃত্যু হয়।”
চিকিৎসাধীন রয়েছেন সুমন মিয়া (৩৫), গিয়াস উদ্দীন (৩৫), জুলহাস মিয়া (৪৮) এবং অজ্ঞাতনামা এক নারী (৩২) ও এক শিশু (৫)।
ওসি বলেন, অবস্থার অবনতি হওয়ার পর সুমন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
