ঝিনাইদহে সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহ সদরে ‘আধিপত্য বিস্তারের চেষ্টায়’ দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২০ জন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছয়াল গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী জানান।
নিহত আকামত মীর (৫৮) ছয়াল গ্রামের বেলায়েত মীরের ছেলে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা চলছে।
হতাহতরা সবাই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত অথবা সমর্থক বলে স্থানীয় বাসিন্দারা জানান।
এএসপি আজবাহার বলেন, “এলাকার আধিপত্য নিয়ে ছয়াল গ্রামের ইসমাইল ও মজনুর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।”
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২১ জন আহত হন। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিয়ে ও লাঠিপেঠা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকামত মীরকে মৃত ঘোষণা করেন বলে এএসপি জানান।
