গোপালগঞ্জে বাসসাচায় ২ বাইকআরোহী নিহত
গোপালগঞ্জ সদরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলায় পাথালিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই শাহ আলম জানান।
নিহতদের মধ্যে একজনের নাম ইদ্রিস মোল্লা (৫৫)। তিনি কাশিয়ানি উপজেলার দক্ষিণ পোখরা গ্রামের মৃত মালেক মোল্লার ছেলে। খুলনার ক্রিসেন্ট জুট মিলে কাজ করতেন ইদ্রিস।
নিহত অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। লাশ দুটি গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
এসআই শাহ আলম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ‘দিদার পরিবহনের’ একটি বাসের সঙ্গে বিপরীত দিকে আসা একটি মোটর সাইকেলে সংর্ঘষ হয়। মোটরসাইকেলে থাকা দুইজন বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান তিনি।
