চলে গেলেন রাবি অধ্যাপক সিরাজুল হক
প্রায় তিন মাস অচেতন থেকে মৃত্যুর কাছে হেরে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও গবেষক খোন্দকার সিরাজুল হক।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি।
বড় ছেলে খোন্দকার জাহাঙ্গীর সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ২৭ ডিসেম্বর স্ট্রোক করার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। গত ১২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আর্থিক কারণে গত ৩১ মার্চ সেখান থেকে তাকে রাজশাহী আনা হয়।
গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১২’ লাভ করেন সিরাজুল হক। এছাড়া ২০১২ সালে বাংলা একাডেমি তাকে গবেষণা-সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১১’ প্রদান করে।
১৯৪১ সালের ১ মার্চ রাজশাহীতে জন্মগ্রহণ করেন সিরাজুল হক। ১৯৫৬ সালে প্রবেশিকা পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পূর্ব পাকিস্তানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে (ওই সময়ের একমাত্র শিক্ষাবোর্ড) প্রথম স্থান অধিকার করেন। তখন কলম্বো পরিকল্পনার অধীনে বিনা খরচে ইংল্যান্ডে পড়াশোনার সুযোগ হলেও তিনি তা গ্রহণ করেননি।
১৯৬০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হলেও বোর্ডে অবস্থান না থাকায় তিনি বিজ্ঞান পড়া ছেড়ে দেন। ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। এই বিভাগ থেকে তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।
সিরাজুল হক কর্মজীবন শুরু করেন ১৯৬৫ সালে মাইকেল মধুসূদন কলেজে। পরের বছর অর্থাৎ ১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। ২০০৬ সালে অবসর নেন।
সিরাজুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের অধীনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অভিসন্দর্ভটি ১৯৮৪ সালে বাংলা একাডেমি থেকে ‘মুসলিম সাহিত্য সমাজ, সমাজ চিত্র ও সাহিত্যকর্ম’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
‘মোঃ এয়াকুব আলী চৌধুরী’ (১৯৭০), ‘কাজী আব্দুল ওদুদ (১৯৮৭), ‘ডাক্তার লুৎফর রহমান’ (১৯৯৬) প্রভৃতি জীবনীগ্রন্থসহ পত্রপত্রিকায় অসংখ্য প্রবন্ধ ও গবেষণামূলক নিবন্ধ লিখেছেন এই অধ্যাপক।
তার মৃত্যুতে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও বাদ জোহর রাজশাহী নগরীর বড় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হবে।
তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
