২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে পাবনায় সুচিত্রা সেনের জন্মদিন

কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় পালিত হচ্ছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনয়শিল্পী পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 09:39 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

পাবনা সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ, পাবনা ড্রামা সার্কেল, হৃদয়ে পাবনা, পাবনা সরকারি বালিকা  উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কেক কেটে সুচিত্রা সেনের জন্মদিন পালন করেছে।

বুধবার দুপুরে স্মৃতি সংরক্ষণ পরিষদ কেক কাটার পাশাপাশি শোভাযাত্রার আয়োজন করে।

প্রেসক্লাব মিলনায়তনে সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ এক আলোচনা সভার আয়োজন করে।

সভায় বক্তব্য দেন জাকির হোসে, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রবিউল ইসলাম রবি, পাবনা ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, কথাসাহিত্যিক মুরশাদ সুবহানী, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আখিনুর ইসলাম রেমন, পাবনা লালন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম মনিসহ স্থানীয় সংস্কৃতিকর্মীরা।

সভায় বক্তারা বলেন, গণমানুষের দীর্ঘ আন্দোলনে সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়ি দখলমুক্ত হয়। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও আমলাতন্ত্রিক জটিলতায় সেখানে কোনো স্মৃতি সংগ্রহশালা গড়ে ওঠেনি। দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় নান্দনিক সৌন্দর্য হারাতে বসেছে ‘মহানায়িকার’ শৈশব-কৈশোরের সাক্ষী এ বাড়িটি।

সুচিত্রা সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে তার এই বাড়িতে একটি স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলার দাবি জানান বক্তারা।

এছাড়া সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাঁচ দিনের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ‘বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে’।

বাংলা চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দেওয়া কালজয়ী এই অভিনয়শিল্পী ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। পাবনা পৌর এলাকার গোপালপুরের হেমসাগর লেনের বাড়িতে কাটে তার শৈশব ও কৈশোর। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ার সময় সুচিত্রা সেন সপরিবার ভারতে চলে যান।

২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে পরলোক গমন করেন।