২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লীবিদ্যুতের সাড়ে ৬ কোটি টাকা ‘আত্মসাৎ’

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ৬ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে সাময়িক বরখাস্ত করার খবর পাওয়া গেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 11:45 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

মহাব্যবস্থাপক হাফিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমিতির কোষাধ্যক্ষ জায়েদা খানম বিভিন্ন সময় বিভিন্ন উৎস থেকে অর্জিত অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

“রোববার দুপুরে জেনারেল ম্যানেজারের দপ্তরে হাজির হয়ে জায়েদা খানম লিখিতভাবে অর্থ আত্মসাতের স্বীকারোক্তি দিয়েছেন।”

হাফিজ জানান, জায়েদা ১৯৯২ সাল থেকে কোষাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি তাকে পটুয়াখালী জেলার কলাপাড়া আঞ্চলিক অফিসে বদলি করা হয়। জায়েদার জায়গায় কোষাধ্যক্ষ পদে যোগ দেন মীনা রানী দাস।

মীনা আগের হিসাবের জের মেলাতে গিয়ে গরমিলের বিষয়টি লক্ষ করেন বলে মহাব্যবস্থাপক জানান।

“অফিস রেকর্ড অনুযায়ী ব্যাংকে ১০ কোটি ৮৯ লাখ টাকা থাকার কথা। কিন্তু রয়েছে ৪ কোটি ৪৩ লাখ টাকা। বাকি ৬ কোটি ৪৬ লাখ টাকা বিভিন্ন সময় জমা করেননি জায়েদা। ব্যাংকের ভুয়া রসিদ ও স্টেটমেন্ট জালিয়াতি করে আত্মসাৎ করা অর্থ অফিসের মোট হিসাবে সমন্বয় করেছেন তিনি।”

‘জায়েদার স্বীকারোক্তিমতে, ২০০৫ সাল থেকে তিনি এই জালিয়াতি করে আসছিলেন’ বলে জানান মহাব্যবস্থাপক।

সহকারী মহাব্যবস্থাপক (অর্থ) রণজিৎ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এক বছর তিন মাস এখানে কর্মরত আছি। ব্যাংকের হিসাব বিবরণী জায়েদা খানম ব্যাংক থেকে এনে অফিসে দাখিল করতেন। কিন্তু সেটা যে ভুয়া ছিল তা বোঝা যায়নি। এমনকি অর্থবছরের অডিট রির্পোটেও ধরা পড়েনি।”

এ ঘটনায় জায়েদা খানমকে অভিযুক্ত করে মহাব্যবস্থাপক হাফিজ আহমেদ মামলা করার জন্য সদর থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “অভিযোগটি সংশোধনের জন্য কর্তৃপক্ষ সময় নিচ্ছে। সংশোধনের পর মামলা রেকর্ড করা হবে।”

ব্যাংকের ভুয়া জমা রসিদ ও স্টেটমেন্ট জালিয়াতি কীভাবে করা হয়েছে সে বিষয়ে পটুয়াখালী অগ্রণী ব্যাংকের পুরান বাজার শাখা ব্যবস্থাপক আবদুর রাজ্জাক কিছু বলতে পারেননি।

তিনি সাংবাদিকদের বলেন, “অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের কোনো সম্পৃক্ততা নেই।”

জায়েদাকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে বলে মহাব্যবস্থাপক হাফিজ জানিয়েছেন।

জায়েদার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে খুঁজে পাওয়া যায়নি।