২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে সরকারি কর্মকর্তা জেলে

কক্সবাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগে এক সরকারি কর্মকর্তাকে জেলে পাঠিয়েছে আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 11:17 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

সোমবার কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী পলাশ চাকমা আদালতে হাজিরা দিলে নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী সাজ্জাদুল করিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার বাদী কক্সবাজার জেলায় কর্মরত একজন সরকারি নার্স। প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর ২০১৫ সালের ৩০ নভেম্বর পলাশ ওই নার্সকে বিয়ের প্রলোভন দিয়ে কক্সবাজার শহরের নিজের বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করেন।

“এ ঘটনার ৫ দিন পর পলাশ অন্য একজনের সাথে বিয়ের কথাবার্তা পাকা করেন। এর প্রতিবাদ করায় পলাশ ওই নার্সকে হুমকি দেন।”

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা করেন ওই নার্স।

পলাশ গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে ৩০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

গত ৩ মার্চ কক্সবাজার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল পলাশকে এক মাসের অন্তর্বর্তী কালীন জামিন দেয়।

সোমবার অন্তর্বর্তীকালীন জামিনের শেষ দিনে আদালতে হাজিরা দিতে গেলে বিচারক শুনানি শেষে পলাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে বাদীপক্ষের আইনজীবী সাজ্জাদুল করিম জানান।

মামলার বাদী ও আসামি উভয়ই চাকমা সম্প্রদায়ের লোক। তাদের বাড়ি রাঙ্গামাটি জেলায়।