২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খতিয়ে না দেখে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের গেজেট নয়’

ইউপি নির্বাচনে কেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তা অনুসন্ধান করে দেখে তবেই গেজেট করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহম্মদ আবু হাফিজ।

শেরপুর প্রতিনিধি

মো. আব্দুর রহিম বাদল,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 10:16 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

সোমবার বিকেলে শেরপুর সার্কিট হাউজে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নিবাচিত হয়েছে, সেগুলো আমরা গেজেট করব না। আগে দেখব সেখানে কী হয়েছে। কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সেটা আমরা অনুসন্ধান করে দেখতে চাই।

“যদি দেখি অন্য কোনো ব্যাপার নেই। তাহলে গেজেট করার মতো হলে করব, না হলে নির্বাচন বাতিল করে দেব।”

কমিশন এছাড়াও আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

ইউপির প্রথম ধাপে ৫৪ জন, দ্বিতীয় ধাপে ৩৪ জন এবং তৃতীয় ধাপে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

আবু হাফিজের বাড়ি কুড়িগ্রামের রৌমারীতে। সেখানে যাওয়ার সময় শেরপুর সার্কিট হাউজে যাত্রা বিরতি করেন তিনি।

সেখানে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা ইউপি নির্বাচনে জবরদস্তি করে ভোট কারচুপি ও গোলযোগ করেছে আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি, নির্বাচন বাতিল করেছি এবং পুলিশকে বলেছি তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখতে।”

ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন, “যে সব কেন্দ্রে ঘটনা ঘটেছে সেগুলোতেই আমরা ব্যবস্থা নিয়েছি। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়ম হয়েছে আমরা ব্যবস্থা নেইনি, এমন হয়নি।’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে আলাপ কালে সেখানে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, শেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, জেলা প্রশাসনের ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা।

নির্বাচনের সময় নির্বাচন কমিশন সব ক্ষমতার অধিকারী প্রশ্ন করলে তিনি বলেন, “এটা ভুল ধারণা। নির্বাচনকালীন সময়ে এবং নির্বাচনের বাইরে কোনো রকম আইন-শৃংখলা পরিস্থিতির জন্যে দায়ী আইন-শৃংখলা বাহিনী।

“পুলিশ মামলা নিচ্ছে। তারা তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছে। এখানে নির্বাচন কমিশনের করার কিছু নেই। কোন মার্ডার হলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে না।”

তৃতীয় দফা নির্বাচনের সময় বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে

হাফিজ জানান, যেখানেই জোর-জবরদস্তি করে ভোট নেওয়া হবে সেখানেই নির্বাচন বাতিল করা হবে।

“কী আছে, না আছে, আমরা কোনো দিকেই তাকাব না।”