২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ

নীলফামারীর ডোমার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অর্থের বিনিময়ে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিজয় চক্রবর্র্তী কাজল,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 08:07 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সোমবার দুপুরে ডোমার বাজারের রেলঘুণ্টি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এই অভিযোগ করেন মনোনয়ন-বঞ্চিত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ।

মাসুম বলেন, “গত ৩ মার্চ সভায় ডোমার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তৃণমূলের ৪৩ ভোট পেয়ে একক প্রার্থী নির্বাচিত হই আমি।

“সেই মোতাবেক ইউনিয়ন কমিটি উপজেলা কমিটিকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করে। এর পরও রোববার কেন্দ্র থেকে প্রকাশিত আওয়ামী লীগের প্রার্থী তালিকায় আমার নাম নেই।”

ওই তালিকায় তৃণমূলের ২২ ভোট পেয়ে পরাজিত হাফিজুল ইসলামের নাম রয়েছে বলে মাসুমের অভিযোগ।

মাসুম অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তৃণমূলের রায় উপেক্ষা করে ডোমার ইউনিয়নে অর্থের বিনিময়ে হাফিজুল ইসলামকে মনোনয়ন পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বলেন, “আমরা তৃণমূলের সিদ্ধান্ত মোতাবেক মাসুম আহমেদের নাম পাঠিয়েছি। জেলা সভাপতি সব নামের তালিকা ঢাকায় নিয়ে যান। এরপর কীভাবে ওই ইউনিয়নে হাফিজুল ইসলামের নাম এসেছে তা আমার জানা নেই।”

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, “মোট সাত ইউনিয়নে আমরা একক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছি। এ তালিকায় ডোমার সদর ইউনিয়নে মাসুম আহমেদের নাম ছিল। এরপর কীভাবে সেখানে হাফিজুল ইসলামের নাম গেল সেটি আমার জানা নেই।”

এই উভয় নেতা নাম বদলের ঘটনাটি কেন্দ্রীয় কমিটির কাজ বলে দাবি করেন।

মানববন্ধনকালে আরও বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আসিফ, ডোমার কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল্লা আল মানুন প্রমুখ।

আব্দুল্লা আল মামুন বলেন, “সিদ্ধান্ত বাতিল না হলে নৌকার প্রার্থী হাফিজুল ইসলামের সঙ্গে থাকবে না তৃণমূল নেতাকর্মীরা।

তৃণমূলের ভোটে একক প্রার্থী নির্বাচন করা হলেও ‘মনোনয়ন বাণিজ্যের’ কাছে সেই সিদ্ধান্ত হার মেনেছে বলে মামুনের অভিযোগ।

ডোমার উপজেলার ১০ ইউনিয়নে চতুর্থ দফায় আগামী ৭ মে নির্বাচন হবার কথা।