২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাণীনগর-আত্রাইয়ে ২২ কিলোমিটার খাল পুনর্খনন

২৪ হাজার হেক্টর জমি তিন ফসলি করতে নওগাঁর রাণীনগর ও আত্রাইয়ে প্রায় ২২ কিলোমিটার খাল পুনর্খনন করা হচ্ছে ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 07:39 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

জেলায় ভূ-উপরিস্থ পানির স্তর সংস্কারের জন্য প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এ খাল খনন আগামী তিন বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাণীনগর জোনের সহকারী প্রকৌশলী মো. তিতুমীর রহমান জানান, প্রথম পর্যায়ে রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া ৩ নম্বর স্লুইস গেইট থেকে পলাশবাড়ি স্লুইস গেইট পর্যন্ত শ্রীমতখালী খালের ১৭ কিলোমিটার খাল খনন প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে।

‘এর মধ্যে ৩ নম্বর স্লুইস গেইট থেকে পলাশবাড়ি পর্যন্ত ৯ কিলোমিটার খালের ৪ কিলোমিটার এবং আত্রাই উপজেলার ৫ কিলোমিটার কাজ আগামী একমাসের মধ্যেই শেষ হয়ে যাবে।’

তিনি বলেন, খালগুলো দীর্ঘদিন খনন না করায় পলি জমে ভরাট হয়ে গেছে। ফলে তীরের জমিতে কৃষকরা একটি মাত্র ফসলই চাষ করতে পারতেন। এই খাল খননের পর তারা একই জমিতে তিন ফসল চাষ করতে পারবেন।

খননের ফলে জমিতে পানি সেচ অনেকটা সহজলভ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া উপজেলার বেতগাড়ি ছোট যমুনা নদীর সংযোগস্থল থেকে আত্রাই উপজেলার কালিকাপুর পর্যন্ত ৫ কিলোমিটার খাল নতুন করে খননের কাজ এই অর্থ বছরেই শেষ করা হবে বলে জানান তিনি।

ধনপাড়া গ্রামের কৃষক আব্দুর রহিম জানান, দেশ স্বাধীন হওয়ার পর প্রত্যন্ত এই এলাকার মানুষদের চাষাবাদ ও বর্ষা মৌসুমে চলাচলের সুবিধার জন্য খালগুলো খনন করা হয়েছিল। দীর্ঘদিন খালগুলোর কোন সংস্কার না করায় এখন সেগুলো মরা খালে পরিণত হয়েছে।