Published : 04 Apr 2016, 06:58 PM
শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘দুশ’ বছরের ইতিহাসে আমাদের বাড়িতে এই প্রথম পানি উঠল। তাও চৈত্রমাসে।’
তিনি জানান, রোববার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে ঘরের ভেতর পানি দেখে হতবাক হয়ে পড়েন তিনি।
এ বন্যার জন্য টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের পাশাপাশি নদী ও বৃষ্টির পানি হাওরে নামার পথে অপরিকল্পিত বাড়ি-ঘর নির্মাণ ও পাহাড়ি ছড়ার পাড় দখলকে দায়ী করছেন এই জননেতা।
ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন এলাকায় এই হঠাৎ বন্যার খবর তিনি পেয়েছেন।‘ক্ষতিগ্রস্ত পরিবার চিহ্নিত করে তাদের সাহায্য দেওয়া হবে।’
শ্রীমঙ্গল সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা রজত শুভ্র চক্রবর্ত্তী, উত্তম দেব নাথ ও রাজীব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের জীবনে বাড়ি ঘরে এত পানি উঠতে তারা দেখেন নি।
পানির স্রোতে তাদের এলাকায় প্রায় ২০টি স্পটে নদীর পাড় ও চলাচলের রাস্তা সম্পূর্ণ ভেঙে গেছে বলে জানান তারা।