২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিলেটে পূজামণ্ডপে ঢুকে কুপিয়ে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমার বিভিন্ন অংশে কোপানো হয়েছে বলে অভিযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 06:30 PM

Updated : 20 Sep 2026, 06:30 PM

সিলেটের বালাগঞ্জ উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে ঢুকে বটি দিয়ে কুপিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে বলে জানান থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার।

গ্রেপ্তার সাইদুজ্জামান শিমুল (২৯) বালাগঞ্জ উপজেলার বাসিন্দা।

রোববার মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুদীপ পাল বলেন, শিমুল মণ্ডপে ঢুকে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমার বিভিন্ন অংশে বটি দিয়ে কোপান।

পরে খবর পেয়ে কমিটির সদস্যরা সেখানে যান এবং পুলিশকে জানান।

পুলিশ জানায়, ঘটনার পর শিমুলকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বটি দা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে পুলিশের দাবি।

ওসি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় শিমুলের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্দির কমিটির সভাপতি লাল মোহন দাস নান্টু মামলাটি করেন বলে জানান তিনি।