২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 06:17 PM

Updated : 20 Sep 2026, 06:17 PM

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

সরকারের হিসাবে, গেল ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৫৬ জনের মৃত্যু হলো। এর বাইরে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

অর্থাৎ, সংক্রামক এই ব্যাধি এবং এর উপসর্গ নিয়ে গেল ছয় মাসে দেশে এক হাজার ৫৭ জনের মৃত্যু হয়েছে, যাদের প্রায় সবাই শিশু।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি, ৪৩০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৬৭ জন।

এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৫, বরিশালে ৫৯, খুলনায় ৪০ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৩ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে ৩৪৬ জন, চট্টগ্রামে ২৬৯, সিলেটে ১৩৭, বরিশালে ১০৯, খুলনায় ৭০, ময়মনসিংহে ৫৪, রাজশাহীতে ৩২ ও রংপুরে ১৬ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৮ হাজার ৫৮৯। তাদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন হাসপাতাল ছেড়েছে।

দেশে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪। হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ৫৬২।

হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না।