স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর আসামির উপস্থিতিতে এই রায় দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত মো. কফিল উদ্দিন (৩৬) কালিয়াকৈর উপজেলার খলিশাজানি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান পরিদর্শক রবিউল।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি রাতে স্ত্রী মঞ্জিলা আক্তারকে (২৮) শ্বাসরোধে হত্যা করে কফিল উদ্দিন। এ ঘটনার দুইদিন পর নিহতের ভাই মেঘু মিয়া বাদী হয়ে কফিল উদ্দিনসহ চার জনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা করেন।
তদন্ত শেষে ওই বছরের ১২ মে কফিল উদ্দিনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই বাছেদ মোল্লা।
