শরণার্থী ক্যাম্পে গুলিতে এক রোহিঙ্গা নিহত
কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ‘মুখোশধারী’ দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে।
নিহত নুরুল ইসলাম (৩৫) কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের ১৭ নম্বর শেডের মৃত আবুল বাসের এর ছেলে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান।
নিহতের পরিবারের স্বজনদের বরাত দিয়ে ওসি হাবিবুর রহমান বলেন, ‘৩/৪ জনের একটি দুর্বৃত্ত দল নিহত নুরুল ইসলামের ক্যাম্পের বাড়িতে ঢুকে পর পর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
‘এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। তার শরীরে কয়েকটি গুলির আঘাত দেখা গেছে।’
গত ২০১৫ সালের ২৫ জুন রাতে ক্যাম্পের বাড়িতে ফেরার পথে নিহত নুরুল ইসলাম ডাকাতির শিকার হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে উখিয়া থানায় কয়েকজন রোহিঙ্গাকে আসামি করে মামলা করেছিলেন তিনি।
ওসি হাবিবুর বলেন, ‘হয়তো নুরুল ইসলামের দায়ের করা ডাকাতি মামলার আসামিরা ক্ষুদ্ধ হয়ে খুনের ঘটনা সংঘটিত করেছে।’
নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
