সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
নগরীর হাজীগঞ্জে ওয়াসার পানি পরিশোধনাগার এলাকায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ রোববার দুপুরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ কামরুন নাহার রানীর (৩৫) লাশ উদ্ধার করেছে।
গৃহবধূর ভাই সাইফুল ইসলাম জানান, গত ৫ বছর আগে জামাল হোসেন উজ্জ্বলের সঙ্গে রানীর বিয়ে হয়। তাদের ইসরাত জাহান নওরিন নামে চার বছরের এক মেয়েও রয়েছে।
‘বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।’
তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন তার বোনকে হত্যা করে তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টায় পানিরকল এলাকার ইউসুফ মিয়ার ভাড়াটিয়া জামাল হোসেন উজ্জ্বলের স্ত্রী কামরুন নাহার রানীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ দুপুরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কামরুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নগরীর মন্ডলপাড়ায় অবস্থিত ১৫০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্লাহ জানান, স্বামী জামাল হোসেন উজ্জ্বল তার স্ত্রী রানীকে বিভিন্ন সময় অত্যাচার করত। ধারণা করা হচ্ছে অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে।
‘এ ঘটনায় স্বামী জামাল হোসেন উজ্জ্বলকে আটক করা হয়েছে।’
