হত্যার বিচার চেয়ে খালিয়াজুরী আ.লীগের থানা ঘেরাও
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফার ভোটের দিন দলীয় কর্মী হত্যার প্রতিবাদে নেত্রকোণার হাওরাঞ্চলের খালিয়াজুরী থানা ঘেরাও করেছে আওয়ামী লীগ।
রোববার বিকাল পৌনে ৪টার দিকে ঘেরাও করার প্রায় ১০ মিনিট থানা ঘেরাও করে রাখে তারা।
খালিয়াজুরী থানার ওসি শওকত আহমেদ বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে কাওসার হত্যার বিচার চেয়েছে। আমাদের পক্ষ থেকে আইনগতভাবে সম্ভাব্য করণীয় সবই করার কথা বললে তারা ফিরে যান।’
গত ২২ মার্চ প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন খালিয়াজুরী ইউনিয়নের আদাউড়া কেন্দ্রে ভোট গণনার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান আওয়ামী লীগ প্রার্থী গোলাম আবু ইসহাকের ছোট ভাই আবু কাওসার। এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সানোয়ারুজ্জামান জোসেফ ১৪ ভোটের ব্যবধানে জয়ী হন।
এ হত্যাকাণ্ডের জন্য নির্বাচনের বিজয়ী প্রার্থী সানোয়ারুজ্জামান জোসেফ, তার ভাই খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান শামছুজ্জামান শোয়েব, কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক, উপ-পুলিশ পরিদর্শক ফজলুল হককে অভিযুক্ত করে খালিয়াজুরী থানায় অভিযোগ দায়ের করেন নিহতের ভাই আরিফুল ইসলাম ফালাক।
কাওসার হত্যার প্রতিবাদে এবং ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণসহ বিভিন্ন দাবিতে ২৪ মার্চ থেকে উপজেলা সদরের সব দোকানপাট বন্ধ রাখার কর্মসূচির ডাক দেওয়া হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে বিকালে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা ঘেরাও করে। এ সময় কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি করে বিভিন্ন স্লোগান দেন মিছিলকারীরা। ওসি আশ্বাস পেয়ে ঘেরাও প্রত্যাহার করে মিছিলকারীরা উপজেলা চত্বরে সমাবেশ করেন।
সেখানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলী আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী,উপজেলা কৃষকলীগের সভাপতি তপন বাঙ্গালীসহ অন্যরা।
