২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল থেকে পড়ে নারী এনজিওকর্মীর মৃত্যু

যশোর শহরে ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে পড়ে একটি বেসরকারি সংস্থার এক নারীকর্মী নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 01:44 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

বোববার সকালে খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানিয়েছেন।

নিহত সুমি খাতুন (৩০) মণিরামপুর উপজেলার মথুরাপুর এলাকার সিংগাপুর প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী এবং আবেদ ফাউন্ডেশনের স্থানীয় কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সুমি মোটরবাইক থেকে পড়ে যান। সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমি তার আট বছর বয়সী মেয়ে তানিশাকে নিয়ে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে মথুরাপুর থেকে শহরের দিকে যাচ্ছিলেন।

মাথায় প্রচণ্ড আঘাতের কারণে সুমির মৃত্যু হয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু সাঈদ জানান।