‘খাদ্যে বিষক্রিয়া’ রাজশাহীতে এক অন্তঃসত্ত্বার মৃত্যু
রাজশাহীতে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান খলিলুর রহমান রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
মৃত স্বপ্না আখতার (৩২) নগরীর মতিহার থানার কাটাখালী এলাকার বাসিন্দা আরমান আলীর স্ত্রী। মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে স্বপ্নার বাবার বাড়ি।
স্বপ্নার বোন রিতার স্বামী দেলোয়ারের বরাত দিয়ে চিকিৎসক খলিলুর বলেন, শনিবার বাবার বাড়ি বেড়াতে যান স্বপ্না।
“দুপুরে খাওয়ার পর স্বপ্না, তার মা মুঞ্জুয়ারা (৪৮), বোন রিতা (২২), ভাই সাজ্জাদ (৩০) ও সাজ্জাদের স্ত্রী নাজমা (২৬) অসুস্থ হয়ে পড়েন। রাত ১১টার দিকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
“খাদ্যে বিষক্রিয়ার কারণে রোববার সকাল ৭টার দিকে স্বপ্নার মৃত্যু হয়।”
চিকিৎসাধীন অন্য চারজন এখন শঙ্কামুক্ত বলে জানান তিনি।
