২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ব্যবসায়ীকে গুলি, আটক ২

দিনাজপুর শহরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 12:18 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শনিবার গভীর রাতে ওই ঘটনার পর দুই জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আহত শুভ গোস্বামীকে (২৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুভ পুলিশকে বলেন, রাত ২টার দিকে তাদের বাড়ি থেকে ৫০ গজ দূরে শহরের সঙ্গীত কলেজ গেটের সামনে বন্দুকধারীরা তাকে গুলি করে পালিয়ে যায়।  

কোতোয়ালি থানার ওসি এ কে এম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পরিবারের লোকজন শুভকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“শুভর অভিযোগে বিশু ও দুলাল নামে দুইজনকে পুলিশ আটক করেছে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি দেশি পিস্তল ও গুলির খোসা উদ্ধার করা হয়।”

রোববার সকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি।  

শহরের মালদহ পট্টিতে শুভর মনোহারি দোকান রয়েছে। তার বাবা জগদীশ গোস্বামী শিক্ষা অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

শুভর পরিবারের সদস্য ও আশপাশের লোকজন জানান, কয়েকদিন আগে শুভর কয়েকজন সঙ্গী তার মোটরসাইকেল নিয়ে বিক্রি করে দেয়। এ নিয়ে বিবাদের জেরে শুভকে মারধরও করে কয়েকজন যুবক।

তবে ঘটনাটি গভীর রাতে হওয়ায় ঘটনায় কারা এবং কতজন ছিল এলাকার কেউ তা বলতে পারছেন না।

আটক বিশু হলেন শহরে বালুবাড়ী এলাকার নিত্য গোপালের ছেলে এবং দুলাল রায় সাহেব বাড়ি এলাকার শংকরের ছেলে।