২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

চাঁদপুর সদর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 12:53 AM

Updated : 20 Aug 2022, 12:21 PM

মমতাজ উদ্দিন ভুঁইয়া (৭০) ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকার লাড়–য়া গ্রামের বশির উল্যাহ ভুঁইয়ার ছেলে।

শনিবার সন্ধ্যায় চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদী এলাকায় আউয়াল মাস্টারের মার্কেটের সামনে দুর্ঘটনায় তিনি মারা যান বলে জানান ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদ উল্যাহ তপাদার।

একই সময় অটোরিকশা যাত্রী সেলিনা বেগম (৪০) ও তার ছেলে অনিক মিজি (১৭) গুরুতর আহত হন বলেও তিনি জানান।

আহত সেলিনা সদর উপজেলার তরপুরচণ্ডী গ্রামের বাবুল মিজির স্ত্রী ও অনিক মিজি তাদের ছেলে।

প্রত্যক্ষদর্শী রহমান গাজী ও ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটরসাইকেলটি চাঁদপুর শহর থেকে বাগাদী এলাকার দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে সিএনজি চালিত অটোরিকশাটি আসছিল।

ঘটনাস্থলে দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি হয়ে সংঘর্ষের ফলে সিটকে রাস্তার পাশে পড়ে যায় অটোরিকশাটি। এ সময় মমতাজ উদ্দিন মাথায় আঘাত পাওয়ায় রক্তক্ষরণ হয়।

স্থানীয় লোকজন আহতদের সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মমতাজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন বলে সদর মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান।

মমতাজ উদ্দিন রামপুর বাজারের ওয়াকর্শপ ব্যবসায়ী এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাহিত্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন।

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও অটোরিকশা পুলিশ হেফাজতে রাখলেও দুই বাহনেরই চালকরা পালিয়ে গেছে বলে জানান ওসি মামুনুর রশিদ।