বাসে অগ্নিকাণ্ডে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বিঘ্নিত
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্রাপাড়া মোড়ে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে ঢাকা-সিলেট ও কুমিল্লা-মহাসড়কে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে।
শনিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রী বাস কুট্টাপাড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ আগুন লেগে যায়। গাড়ি থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বিডিনিউজ টুয়েন্টিফোরকে বলেন, ‘বাসের ব্যাটারি থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।’
আগুনের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত পৌনে ১০টায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল ফের শুরু হয় বলে জানান সহকারী পুলিশ সুপার ।
