২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের কাজে বাধা দেওয়ায় মামলা, গ্রেপ্তার ২

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৫ জনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 08:21 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

সদর থানার ওসি মাহে আলম জানান, ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি দেখিয়ে শনিবার দুপুরে এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামি হলেন শহরতলির বিকনা এলাকার বাসিন্দা সুজন ও হেলেনা।

এসআই নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শহরতলির বিকনা এলাকার সাইদুল মৃধাকে গ্রেপ্তার করতে শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ অভিযান চালায়।

“এ সময় সাইদুল তার দলবল নিয়ে পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। সেই সুযোগে সাইদুল পালিয়ে গেলেও দুইজন গ্রেপ্তার হন।”

অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে ওসি জানিয়েছেন।