২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: কেরানীগঞ্জে শিশু নিহতের ঘটনায় মামলা

ঢাকার কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রের বাইরে গুলিতে শিশু নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 07:57 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদৌস হোসেন জানান, নিহত শুভ কাজীর বড় চাচা সালাল কাজী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে জানান ওসি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে গুলিতে নিহত হয় শুভ কাজী (১০)।

শুভ ওই ইউনিয়নের ঢালিকান্দি গ্রামের সিএনজি অটোরিকশাচালক হালিম কাজীর ছেলে ও মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বাদ এশা জানাজা শেষে স্থানীয় কবরস্থানে শুভকে দাফন করা হয়েছে।

এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

নিহতের বাবা হালিম কাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে মারা যাওয়ার একদিন পার হয়ে গেল, কিন্তু পুলিশ একজনকেও ধরতে পারল না। ওরা আমার আদরের ধনটারে গুলি কইরা মারল। আমি ওগো ফাঁসি চাই।”

ঘটনার পর থেকেই গোলাগুলির বিষয়টি নিয়ে তদন্ত চলছে। থানায় মামলা হওয়ার পর থেকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুরনো খবর:

কেরানীগঞ্জে কেন্দ্রের বাইরে গোলাগুলিতে প্রাণ গেল শিশুর