২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে কেন্দ্রের বাইরে গোলাগুলিতে প্রাণ গেল শিশুর

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জে এক কেন্দ্রের বাইরে দুই পক্ষের গোলাগুলির মধ্যে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 12:23 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান জানান।  

নিহত শুভ কাজী মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

তার বাবা হালিম কাজী পেশায় অটোরিকশা চালক। পরিবার নিয়ে কেরাণীগঞ্জের ডালিকান্দি গ্রামে বসবাস করেন তিনি।

ফখরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে শিশুটি মারা যায়।”

হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আয়নাল হোসেন, বিএনপির প্রার্থী নুরুল হক রিপন।

এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ কর্মীদের দায়ী করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নুরুল হক।

নিহতের চাচা নুরুল কাজী সাংবাদিকদের বলেন, “আমি ভোট দিতে এসেছিলাম। শুভ আমার সঙ্গে ছিল। কেন্দ্রের পেছনের রাস্তায় সে দাঁড়িয়েছিল। ভোট দিতে কেন্দ্রে ঢোকার সময় গোলাগুলির শব্দ শুনতে পাই, দৌড়ে এসে দেখি শুভ রাস্তার উপর পড়ে আছে।”

এরপর তাকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল সোয়া ১০টার দিকে ভোটকেন্দ্রের পেছনের রাস্তায় ৪০ থেকে ৫০ জন যুবক জড়ো হয়ে এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে রাস্তায় দাঁড়িয়ে থাকা শুভ গুলিবিদ্ধ হয়।

ওই দলে রানা মোল্লা নামে একজন ছিলেন, যিনি এলাকায় আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত বলে জানান তারা।

ডালিকান্দি গ্রামের বাসিন্দা হায়দার বলেন, মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি মসজিদ আছে। তার পাশেই বিএনপি প্রার্থীর বাড়ী।

“এ কেন্দ্রে বিএনপির ভোট বেশি হওয়ার সম্ভাবনা থাকায় এই হামলা চালানো হয়েছে।”

আওয়ামী লীগ প্রার্থী আয়নালের বাড়ি কেন্দ্র থেকে একটু দূরে ইটাভাড়া গ্রামে।

মধুরচর কেন্দ্রে কর্মরত এসআই তন্ময় বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ভিতরে ডিউটি দিচ্ছিলাম। কেন্দ্রের পেছনের রাস্তা থেকে কিছু শব্দ শুনতে পাই। পরে জানতে পারি গোলাগুলি হয়েছে এবং একজন গুলিবিদ্ধ হয়েছে। কেন্দ্রে কোনো গণ্ডগোল হয়নি।”

তবে ঘটনার পর বিক্ষুব্ধ কিছু মানুষ কেন্দ্রের সামনের প্রধান ফটকে জড়ো হয়ে ভোটকেন্দ্রের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে জানান তিনি।

ওই ঘটনার পর ১০ মিনিটের মতো বন্ধ থেকে পরে আবার ভোটগ্রহণ হয় বলে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আলিম জানান।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৬৩৯টি ইউপিতে ভোটগ্রহণ হয়। তফসিল ঘোষণার পর থেকে গত দেড় মাসে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অন্তত দুই ডজন লোকের প্রাণহানি ঘটেছে।