২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্কুল কেবিনেট’নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই

‘ছোটদের নির্বাচন’ নামে পরিচিত ‘স্কুল কেবিনেট’ নির্বাচনে বরিশালে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 10:08 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

বৃহস্পতিবার দুপুরে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে এ ঘটনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, সরকারি এক নির্দেশে এই বছরই প্রথমবারের মত কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহণে কেবিনেট নির্বাচনের আয়োজন করা হয়।

গত ২১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে পিছিয়ে ৩১ মার্চ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়।

নির্ধারিত দিনে বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। ৮০০শিক্ষার্থীদের ভোটে ৭ জন ছাত্র প্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা ছিল।

‘তবে ভোট শেষ হওয়ার ৩০ মিনিট আগে দুপুর দেড়টার দিকে দশম শ্রেণির ছাত্র ও নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী মো. রাব্বীর নেতৃত্বে ২০/৩০ জন বহিরাগত লাঠিশোঠা নিয়ে ভোট কেন্দ্রে হামলা চালায়।

‘তারা ৬ষ্ঠ ও ১০ম শ্রেণির ভোট কক্ষ থেকে দুটি ব্যালট ভর্তি বাক্স ছিনিয়ে নেয়।’

এ সময় শিক্ষকরা বাধা দিতে গেলে তাদেরকেও লাঞ্চিত করা হয় বলে জানান তিনি।

ঘটনার পরপরই ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।

তবে এর আগেই প্রায় ৮০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানান প্রধান শিক্ষক।

নির্বাচনের সমন্বয়কারী সিনিয়র শিক্ষক দ্বীপ শংকর গুপ্ত জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল চেয়েছিল নির্বাচন ছাড়াই তাদের পছন্দের ছাত্রদের দিয়ে কেবিনেট গঠন করতে। তবে সাধারণ শিক্ষার্থীরা এতে রাজি হয়নি।

তাই প্রভাবশালীদের ইন্ধনেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “ছাত্রদের হাতে শিক্ষকরা যেভাবে লাঞ্চিত হয়েছে, তাতে শিক্ষকদের মরে যাওয়া উচিত।

এ ব্যাপারে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি সেলিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।