২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ প্রার্থীকে হারিয়েছে এক নারী প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌসুমী আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 09:46 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

বৃহস্পতিবারের নির্বাচনের তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী শামীম রেজা।  

বৃহস্পতিবার রাতে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বদরুদ্দোজা চৌধূরী বেসরকারিভাবে সাংবাদিকদের নবীনগরের ১১টি ইউনিয়নের মধ্যে ১০টির ফলাফল জানান।

এর মধ্যে বাকী নয়টি ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।

তারা হলেন, লাউর-ফতেহপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. ফারুক আহমেদ, সাতমোড়া ইউনিয়নে আওয়ামী লীগের মাসুদ রানা, রসুল্লাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের আলী আকবর, ইব্রাহিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবু মুছা।

কাইতলা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের মো. শওকত আলী, বিদ্যাকুট ইউনিয়নে আওয়ামী লীগের মো. এনামুল হক, বিটঘর ইউনিয়নে আওয়ামী লীগের আবুল হোসেন, শ্রীরামপুর ইউনিয়নে আওয়ামী লীগের আজহার হোসেন সরকার জামাল ও নাটঘর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আবুল কাশেম জয়ী হয়েছেন।

এদিকে বীরগাঁও ইউনিয়নের চর কেদেরখলা কেন্দ্রটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কবির আহমেদের সমর্থকরা প্রিজাইডিং কর্মকর্তাকে কেন্দ্র থেকে ফালাফল ঘোষণা করতে দেয়নি।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. জহির রায়হান অভিযোগ করেন বলেন, ‘আমার ফলাফলকে বানচাল করতে প্রিজাইডিং অফিসার কেন্দ্রতে ফলাফল না দিয়ে উপজেলায় নিয়ে গেছে।

‘আমার ধারণা তারা আমার ফলাফলকে বদলাতেই সেখানে নিয়ে যাচ্ছে।’

আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর চাপে ওই কেন্দ্রে ভোট গণনা না করে উপজেলায় আনা হয়েছে বলে জানান নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।

‘ওই কেন্দ্রের ভোট গণনা শেষ হলেই বীরগাও ইউনিয়ন এর ফলাফল ঘোষণা করা হবে।’