মংলা পৌর মেয়রের বরখাস্তাদেশ স্থগিত
মংলা পৌরসভার মেয়র মো. জুলফিকার আলীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে উচ্চ আদালত।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসাইন ও একেএম শহীদুল হকের বেঞ্চ বরখাস্তের আদেশের উপর এই স্থগিতাদেশ দেন বলে জানান মেয়রের আইনজীবী এ এম আমিন উদ্দিন।
পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পাওনা বেতন-ভাতা পরিশোধ না করা এবং চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে বিধি বর্হিভূতভাবে পদোন্নতি দেওয়ার অভিযোগে গত ২৮ মার্চ জুলফিকার আলীকে সাময়িক বরখাস্তের আদেশ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
আইনজীবী এএম আমিন উদ্দিন বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর (৩১) ধারার বিধান অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে একটি রিট করেন জুলফিকার আলী। আবেদন শুনানি শেষে সরকারের দেওয়া আদেশের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেছে আদালত।
