দ্বিতীয় দফা ভোট: গোলাগুলি-সংঘর্ষে নিহত ৪
ইউনিয়ন নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন সংঘর্ষ ও গোলাগুলিতে এক শিশুসহ তিন চার নিহত হয়েছেন।
কুমিল্লায় এক বিএনপিপ্রার্থীর মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ঢাকার কেরানীগঞ্জে এক কেন্দ্রের গুলিবিদ্ধ হয়ে এক শিশু, যশোরে এক বৃদ্ধ, নাটোরে প্রতিপক্ষের হামলায় এক যুবক এবং জামালপুরে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে শিশুটি নিহত হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান জানান।
নিহত শিশুটি হলো ডালিকান্দি গ্রামের হালিম কাজির ছেলে শুভ কাজি (১০)।
হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আয়নাল হোসেন, বিএনপির প্রার্থী নুরুল হক রিপন।
কেরানীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের গুলিতে শিশুটি আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।”
রিটার্নিং কর্মকর্তা শাহজাহান আলী বলেন, “কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি। ভোট চলছে। প্রিজাইডিং অফিসারের কাছে জেনেছি, বাইরে সংঘর্ষের মধ্যে এক শিশু মারা গেছে।”
যশোর: সদরের চাঁচড়া ইউনিয়নে দুই সদস্য পদপ্রার্থীর গোলাগুলিতে নিহত হন আব্দুস সাত্তার বিশে (৬০)।
বেলা ১১টার দিকে ইউনিয়নের ভাতুরিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান এসপি আনিসুর রহমান।
নিহত বিশে উপজেলার খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি ফেরিওয়ালা বলে স্থানীয়রা জানিয়েছেন।
এসপি সাংবাদিকদের জানান, ভোট চলাকালে সদস্য প্রার্থী বিল্লাল ও শান্তির পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“এক পর্যায়ে দুপক্ষের গোলাগুলি শুরু হলে মাথায় গুলিবিদ্ধ হন বিশে। যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
জামালপুর: জামালপুরের মেলান্দহে দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে মারা যান রাকিবুল ইসলাম (৩৫)।
সকালে উপজেলায় শ্যামপুরের উত্তর বালুরচর কেন্দ্রের বাইরে দুই সাধারণ সদস্য প্রার্থী ওয়াহেদ আলী ও মুকছেদ আলীর সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে কথা কাটাকাটির পর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ সুপার নিজাম উদ্দিন।
পুলিশ বলছে, আনুমানিক ৩৫ বছরের রাকিবুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এসপি নিজাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ সদস্য প্রার্থী ওয়াহেদ আলী ও মুকছেদ আলীর সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
“এ সময় ঘটনাস্থলে থাকা রাকিবুল মাটিতে পড়ে যান এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।”
রাকিবুল ওয়াহেদ আলী সমর্থক, তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন এসপি নিজাম।
নাটোর: নাটোরের লালপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত বিপ্লব হোসেন (৩৭) রাজশাহীর সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানান হাসপাতালের পরিচালক কোয়েল চৌধুরী।
বৃহস্পতিবার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে।
বিপ্লব ওই গ্রামের সাজেদুর রহমানের ছেলে।
লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, খবর শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ভোলা: সদরের রাজাপুর ইউনিয়নে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ৪ নম্বর ও ৬ নম্বর কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী মিঠু চৌধুরীর সমর্থকদের এ সংঘর্ষ হয়।
ওই সময় এনটিভির ভোলা প্রতিনিধি আফজাল হোসেনের পায়ে রাবার বুলেট বিদ্ধ হয়। তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা থানার ওসি খায়রুল কবির জানান, ইউনিয়নের ৬ নম্বর কেন্দ্রে ওই দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
“পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ২০ রাউন্ড গুলি ছুড়েছে।”
ওসি আর বলেন, ৪ নম্বর কেন্দ্রে (রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) ওই দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
“ওই সময় পুলিশ রাবার বুলেট ছুড়লে এনটিভির ভোলা প্রতিনিধি আফজাল হোসেন আহত হন।”
এদিকে, নির্বাচনে প্রকাশ্যে জালভোট ও আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টদের প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দুই প্রার্থী।
এরা হলেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজ উদ্দিন ও লালমোহনের বদরপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী স্মৃতি বেগম সুমি।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষের সময় রাবার বুলেটে চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে পুলিশ সুপার হারুন অর রশিদ জানান।
গুলিবিদ্ধরা হলেন সাইফুল ইসলাম (১৮), জুনেদ আহমদ (২৫), আঙ্গুর মিয়া (২৬) ও নবী হোসেন (২২)।
এর মধ্যে সাইফুল ও জুনেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসপি বলেন, জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ রাউন্ড রাবার বুলেট ছোড়ে ও লাঠিপেটা করেছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।
কুমিল্লা: বরুড়া খোশবাস (উত্তর) ইউনিয়নে আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের শুরুতেই আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
নৌকা সমর্থকদের হামলায় ধানের শীষের প্রার্থীর ‘মাথা কেটে যাওয়ার পর’ কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিও হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শোয়েব আহমেদ আমীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কেন্দ্রের বাইরে গণ্ডগোলের কারণে কিছু সময় ভোট বিঘ্নিত হলেও পরে আবার শুরু হয়েছে।”
বিএনপির প্রার্থী জাকির হোসেনের অভিযোগ, নৌকার পক্ষের লোকজন ‘ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করছে’ খবর পেয়ে তিনি সকালে আরিফপুর কেন্দ্রে যান। সেখানে তিনি জালিয়াতির প্রতিবাদ করলে আওয়ামী লীগের প্রার্থী মো. নাজমুল হাসানের সমর্থকরা তার ওপর চড়াও হয়ে মাথা ফাটিয়ে দেয়।
এ ঘটনার পর কেন্দ্রের বাইরে রাস্তায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় গোলাগুলিও হয় বলে স্থানীয় কয়েকজন জানান।
জেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধসহ পাঁচ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ইউনিয়নের মাসুরগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয় বলে জানান মুন্সীগঞ্জের এএসপি মো. শামসুজ্জামান।
গুলিবিদ্ধ ব্যক্তিকে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। তবে তার নাম জানাতে পারেননি তিনি।
চাঁদপুর: জাল ভোট, ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগে চাঁদপুরে তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থগিত কেন্দ্রগুলো হলো সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, হাইমচরের চরভৈরবী ইউনিয়নের চরভৈরবী আজিজিয়া মাদ্রাসা ও সিপাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
চরভৈরবী আজিজিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বি এম এ মান্নাফ বলেন, সকাল ১০টায় হঠাৎ নৌকা প্রতীকের কয়েকশ লোক কেন্দ্রে এসে হামলা চালায়। তারা এক হাজার ১০৩টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।
“তাদের বাধা দিতে গিয়ে আমি নিজেও হামলার শিকার হয়েছি। তাই বাধ্য হয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই কেন্দ্রের ভোটগ্রহণ পুরোপুরি স্থগিত করে দেওয়া হয়েছে।”
সিপাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু তাহের মো. রুহুল আমিন বলেন, “আমার কেন্দ্র থেকে চেয়ারম্যান প্রার্থীদের ৩টি ব্যালট বইসহ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের দুই শতাধিক ব্যালট পেপার ও সিল মোহর ছিনতাই হয়েছে।”
নৌকা প্রতীকের লোকজন এসব ব্যালট পেপার ছিনতাই করে বলে জানান তিনি।
সদরের মৈশাদী ও তরপুরচণ্ডী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে জাল ভোটসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, সদরে মৈশাদী ইউনিয়নের একটি ও হাইমচরে চরভৈরবী ইউনিয়নের দুইটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
