মেলান্দহে কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টা ধাওয়া, যুবকের মৃত্যু
জামালপুরের মেলান্দহ দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলায় শ্যামপুরের উত্তর বালুরচর কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ সুপার নিজাম উদ্দিন।
পুলিশ বলছে, আনুমানিক ৩৫ বছরের রাকিবুল ইসলামের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।
এসপি নিজাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে উত্তর বালুরচর কেন্দ্রের বাইরে দুই সাধারণ সদস্য প্রার্থী ওয়াহেদ আলী ও মুকছেদ আলীর সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে তা ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এ সময় ঘটনাস্থলে থাকা রাকিবুল মাটিতে পড়ে যান এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।”
রাকিবুল ওয়াহেদ আলী সমর্থক, তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন এসপি নিজাম।
এ ব্যাপারে কথা বলতে দুই সাধারণ সদস্য প্রার্থীর সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
