নোয়াখালীতে গুলি করে যুবক খুন
নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ফারুক উপজেলার শরীফপুর ইউনিয়নের ব্যাপারী বাড়ির নুরুল আমিনের ছেলে। চৌমুহনী পূর্ব বাজারে তার একটি মোটরসাইকেল মেরামত কারখানা রয়েছে।
হামলায় ফারুকের সঙ্গে থাকা ভাই মিলন আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে ওই কারখানা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন জানিয়েছেন।
“ফারুক তার আরেক ভাই মিলনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কামাল চেয়ারম্যানের বাড়ির কাছে ৪/৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের গতিরোধ করে এবং ফারুকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে।”
এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয় বলে জানান পরিদর্শক জসিম।
হামলাকারীরা ফারুক ও মিলনের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে গেছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
“ফারুকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। হত্যার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”
