২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেকুয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অপহরণের অভিযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহকে অপহরণের অভিযোগে ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 01:56 AM

Updated : 20 Aug 2022, 12:20 PM

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহর স্ত্রী সেলিনা আক্তার ভোটের আগের দিন বুধবার পেকুয়া থানায় মামলাটি করেন বলে জানান ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে পেকুয়ার আঞ্চলিক মহাসড়কের (এবিসি) জালিয়ার চাং এলাকা থেকে শহীদুল্লাহকে অপহরণ করার অভিযোগে বুধবার রাত ৮টার দিকে তার স্ত্রী সেলিনা আক্তার ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলায় আওয়ামী লীগের প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরীসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৪ জনকে আসামি করা হয়েছে।

তবে জাহেদুল ইসলাম চৌধুরী অভিযোগ অস্বীকার করেছেন।

“আমি শহীদুল্লাহকে কেন অপহরণ করতে যাব? অপহরণের বিষয়ে আমি কিছুই জানি না। আমি মনে করি, নির্বাচনে ফায়দা হাসিলের জন্য শহীদুল্লাহ নিজেই আত্মগোপনে চলে গেছেন। এখন ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হচ্ছে।”

ওসি জিয়া বলেন, “চেয়ারম্যান প্রার্থী শহীদুল্লাহ অপহৃত হওয়ার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। তবে এটি অপহরণ নাকি অন্য কোনো ঘটনা সে ব্যাপারেও পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।”