‘কাজ নেই তো ভাত নেই’
সাভার নিউ মার্কেটের সামনে মানুষের জটলা। এসব মানুষ বিভিন্ন এলাকা থেকে এখানে এসেছেন কাজের সন্ধানে। অনেক দর কষাকষির পর কাজ জুটলে সেদিন আয় হয়।
কাজ না পেলে অনেককেই সেদিন অভুক্ত থাকতে হয় বলে কেউ কেউ জানান।
নিউমার্কেট ছাড়াও হেমায়েতপুর, আমিনবাজার, আশুলিয়ার নবীনগর, শ্রীপুর, জিরানী, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নয়ারহাট বাজারে প্রতিদিন ভোর থেকেই কোদাল, ঝাঁকা আর বিড়া নিয়ে অপক্ষো করে বহু নারী-পুরুষ।
মূলত চুক্তি এবং দৈনিক মজুরিতে কাজ করেন তারা। আর দিনমজুরের সন্ধানে এখানে আসেন কাছের দূরের অনেক ক্রেতা।
সাভার নিউমার্কেটের সামনে কথা হয় ঠাঁকুরগাওয়ের জোসনা বেগম ও তার স্বামী আব্দুস ছাত্তারের সঙ্গে।
তারা বলেন, তারা সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় ভাড়ায় থেকে দিনমজুরের কাজ করেন। তিনশ থেকে সাড়ে তিনশ টাকা রোজগার করেন। মাঝে মধ্যে কাজ না থাকলে বসে থাকতে হয়।
গত সোমবার কোনো কাজ ছিল না। মঙ্গলবারও কাজ পাননি বলে জানান তারা।
বাসা ভাড়া বাকি। দোকানের আগের বাকি দিতে না পারলে আর সদাই দেবে বলে জানিয়ে দিয়েছে দোকানি, বলেন তারা।
শুধু জোসনা বা ছাত্তার নন, তাদের মতো অনেক দিনমজুর প্রতিদিন কাজের আশায় কাকডাকা ভোর থেকেই সাভার উপজেলার বিভিন্ন স্থানের জড়ো হন। তবে সব সময় সবার কাজ জোটে না।
আবার কাজ না থাকায় অধিকাংশ দিনমজুরকেই থাকতে হয় বেকার।
হেমায়েতপুর এলাকায় কাজে নেওয়ার জন্য ডাক দিয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করছিলেন মানিকগঞ্জের চর কল্যাণপুর গ্রামের জুয়েল।
তিনি বলেন, আগে ঢাকায় ভ্যান চালাতেন। পরিবারের সঙ্গে সাভারে চলে আসেন। পরিচিত লোক না থাকায় ভ্যান কেউ দিতে রাজি হয় না। তাই বাধ্য হয়ে দিনমজুরের কাজ করতে হচ্ছে তার।
আমিনবাজার এলাকায় কাজের জন্য অপেক্ষা করছেন পাবনার সাঁথিয়ার রহিমন।
বর্তমান বাজারে ব্যয় অনেক বেশি, তাই বাধ্য হয়ে দিনমজুরের কাজ করতে হচ্ছে, বলেন রহিমন।
রংপুরের ফরিদাবাদ গ্রামের আব্দুল কুদ্দুস স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে থাকেন সাভারের সবুজবাগ মহল্লায়।
তিনি বলেন, “আমাদের মতো দিনমজুরদের কাজ নেই তো ভাত নেই। পেট চালাতে তো দিনমজুরি ছাড়া উপায় নেই।”
বর্তমানে কাজের চেয়ে লোক বেশি হওয়ায় কাজ পাওয়া যাচ্ছে না বলে মনে করেন আব্দুল কুদ্দুস ।
নওগাঁর পোরশার হাসান থাকেন ছায়াবীথি মহল্লায়। অনেক বেলা হওয়ার পরও কাজ না পাওয়ায় নিজের ভাগ্যকেই দুষলেন তিনি।
