২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে ব্যাগ কেটে গ্রাহকের সোয়া ২ লাখ টাকা চুরি

রাজশাহীতে একটি ব্যাংকের ভেতরে এক গ্রাহকের ব্যাগ কেটে সোয়া দুই লাখ টাকা চুরি করেছে কয়েকজন যুবক।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 04:33 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

নগরীর ইসলামী ব্যাংক নিউ মার্কেট শাখায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সে দৃশ্য ধরা পড়েছে ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরায়।

এ ঘটনায় টাকার মালিক মিতা স্টুডিও অ্যান্ড কালার ল্যাবের মালিক হেলাল উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন বলে জানান নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান।

তিনি জানান, মিতা স্টুডিও অ্যান্ড কালার ল্যাবের কর্মচারী কৃষ্ণ কুমার রাহা ঢাকা ট্রেড কর্পোরেশনের নামে ৯ লাখ ২৪ হাজার টাকা পাঠানোর জন্য মঙ্গলবার বেলা ১টার দিকে ইসলামী ব্যাংকে যান।

“ব্যাংকের ৩ নম্বর  কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। ওই ব্যাগ কেটে ২ লাখ ২৪ হাজার টাকা নিয়ে সটকে পড়ে পকেটমাররা।”

ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে পকেটমার চক্রকে চিহিৃত করার চেষ্টা চলছে বলে জানান ওসি শাহাদত।

হেলাল উদ্দিন বলেন, এর আগে অগ্রণী ব্যাংকের নিউমার্কেট শাখা থেকে টাকাটি উত্তোলন করা হয়।

ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, কৃষ্ণ কুমার ব্যাংকে প্রবেশের কিছুক্ষণ পর একই ধরনের একটি ব্যাগ নিয়ে তিন যুবকও প্রবেশ করে। কৃষ্ণ ৩ নম্বর কাউন্টারে দাঁড়ানোর কিছুক্ষণ পর ওই তিন যুবকও পাশের কাউন্টারে দাঁড়ায় এবং তার ব্যাগের পাশে তাদের ব্যাগটি রাখে। একই সময় তারা ওই দুইটি ব্যাগ আড়াল করে দাঁড়ায়। এর ৩০ সেকেন্ডের মধ্যে তারা ব্যাংক থেকে বের হয়ে যায়।

টাকা জমা দেওয়ার সময় কৃষ্ণ তার ব্যাগটি কাটা দেখেন।