২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে দুটি ইটভাটাকে জরিমানা

নিয়ম না মেনে ইট প্রস্তুত করার দায়ে মানিকগঞ্জে দুটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 07:39 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সামিরা এই জরিমানা করেন।

ইট প্রস্তুত ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি ইটের ৫০ ভাগ ফাঁপা থাকতে হয়।

মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার জাগীর এলাকার মেসার্স আলিফ ব্রিকস্ অ্যান্ড কোম্পানি ও সাটুরিয়া উপজেলার দোতরা গ্রামের মেসার্স তমা ব্রিকস্ নামের দুটি ভাটা এই আইন লঙ্ঘন করে ইট প্রস্তুত করে আসছিল।

এই অভিযোগে প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ওই দুটি ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স আলিফ ব্রিকসকে ৩০ হাজার টাকা এবং মেসার্স তমা ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জরিমানার অর্থ ওই দুটি ভাটার মালিক পরিশোধ করেছেন।’

পুলিশের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের পরিদশক তুহিন আলমের উপস্থিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।