২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কেটে গড়া দেড়শ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউজ এলাকায় পাহাড় কেটে তৈরি করা দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 05:37 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে জানান পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।

তিনি বলেন, কলাতলী লাইট হাউজ এলাকায় পাহাড় কেটে একটি চক্র অবৈধ স্থাপনা ও বসতি গড়ে তোলে। জেলা প্রশাসকের নির্দেশে মঙ্গলবার দুপুরে এখানকার দেড় শতাধিক স্থাপনা ও বসতি উচ্ছেদ করা হয়েছে।

সরদার শরিফুল জানান, উচ্ছেদ করা বসতি ও স্থাপনার নির্মাণ সামগ্রী পুড়িয়ে ফেলা হয়েছে। এসব স্থাপনায় দেওয়া বৈদ্যুতিক সংযোগের তার জব্দ করা হয়েছে।

একইসঙ্গে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়াও হয়েছে বলেও তিনি জানান।

অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, কক্সবাজার ৩৩ আনসার ব্যাটালিয়ানের কমান্ডার রহমান ও সদর থানার এসআই রাজীব কান্তি নাথসহ আনসার ও পুলিশ সদস্যরা অংশ নেন।

পাহাড় কেটে অবৈধ স্থাপনা গড়ে তোলার অপরাধে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।